কুড়িগ্রাম প্রতিনিধি: ১৯ জানুয়ারি ২০২৬ , ১১:৩৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝার চরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে একদিনব্যাপী বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প ও ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় খামারি ও গবাদিপশু পালনকারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
সোমবার সকালে ক্যাম্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুড়িগ্রামের মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব অন্নপূর্ণা দেবনাথ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড হলো প্রাণিসম্পদ। গবাদিপশুর সঠিক পরিচর্যা ও চিকিৎসা নিশ্চিত হলে কৃষক ও খামারিরা আর্থিকভাবে লাভবান হবেন এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের সম্মানিত জেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মো: হাবিবুর রহমান। তিনি বলেন, “চরাঞ্চলের খামারিরা অনেক সময় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। এ ধরনের ক্যাম্প তাদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
ক্যাম্পে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং এলাকার শতাধিক খামারি উপস্থিত ছিলেন। দিনব্যাপী ক্যাম্পে গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা প্রদান, বিনামূল্যে ভ্যাকসিন প্রয়োগ এবং রোগ প্রতিরোধমূলক পরামর্শ দেওয়া হয়। এতে গরু, ছাগল, ভেড়া ও হাঁস-মুরগির ব্যাপক টিকাদান কার্যক্রম পরিচালিত হয়।
এছাড়া ক্যাম্প চলাকালে উপস্থিত খামারি ও স্থানীয় বাসিন্দাদের মাঝে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ করা হয়। কর্মকর্তারা নির্বাচন ও গণভোটের গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন এবং সবাইকে দায়িত্বশীল নাগরিক হিসেবে অংশগ্রহণের আহ্বান জানান।
স্থানীয় খামারি আব্দুল করিম বলেন, “আমরা আগে অনেক দূরে গিয়ে চিকিৎসা নিতে হতো। আজ বাড়ির কাছেই বিনামূল্যে চিকিৎসা পেয়ে খুব উপকৃত হয়েছি।”
দিনের শেষে আয়োজকরা জানান, চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও প্রাণিসম্পদ খাতকে শক্তিশালী করতে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালিত হবে।










