ধর্ম ও নৈতিকতা

চিলমারীতে সংযোগ ফাউন্ডেশনের উদ্যোগে রমজান ফুড প্যাকেজ বিতরণ

  চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৪১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

“মানুষের জন্য, মানুষের পাশে”—এই স্লোগানকে সামনে রেখে পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সংযোগ ফাউন্ডেশনের উদ্যোগে রমজান ফুড প্যাকেজ–২০২৬ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় থানাহাট ২ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের আগেই সুবিধাভোগী পরিবারগুলো স্বেচ্ছাসেবকদের তত্ত্বাবধানে উপস্থিত হয়ে শৃঙ্খলাবদ্ধভাবে কার্যক্রমে অংশ নেয়।
সংযোগ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের সার্বিক ব্যবস্থাপনায় নির্বাচিত সুবিধাভোগী পরিবারগুলোর মাঝে রমজান ফুড প্যাকেজ বিতরণ করা হয়। আয়োজকরা জানান, রমজান মাসে যেন নিম্ন আয়ের মানুষগুলো ইফতার ও সেহরির সময় ন্যূনতম কষ্ট ছাড়া খাদ্যের ব্যবস্থা করতে পারে—সে উদ্দেশ্যেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠান চলাকালে শৃঙ্খলা ও নিয়মকানুন কঠোরভাবে অনুসরণ করা হয়। নির্ধারিত তালিকা অনুযায়ী শুধুমাত্র উপস্থিত সুবিধাভোগীদের মাঝেই প্যাকেজ বিতরণ করা হয়, যাতে প্রকৃত উপকারভোগীরাই সহায়তা পান।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক মো. রবিউল ইসলাম, মো. মিনহাজুল ইসলাম সীমান্ত ও মোছা. রুনা বেগম। এছাড়াও দায়িত্ব পালন করেন মো. খোরশেদ আলম, মো. সিফাত ইসলাম, সিয়াম, লাবিব, রিপন, নাসরিন, সীমা ও মোসলেমা।
ফুড প্যাকেজ গ্রহণকারী সুবিধাভোগীরা সংযোগ ফাউন্ডেশনের জন্য দোয়া করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
সংযোগ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও “মানুষের জন্য, মানুষের পাশে” নীতিকে ধারণ করে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।