ধর্ম ও নৈতিকতা

চিলমারীতে সংযোগ ফাউন্ডেশনের উদ্যোগে রমজান ফুড প্যাকেজ বিতরণ

  চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ২ মার্চ ২০২৬ , ৪:০২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

“মানুষের জন্য, মানুষের পাশে”—এই স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের চিলমারীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে আবারও শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে রমজান ফুড প্যাকেজ বিতরণ করেছে সংযোগ ফাউন্ডেশন।
সোমবার সকাল ১১টায় থানাহাট ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, রমজান মাসে নিম্ন আয়ের মানুষ যেন ইফতার ও সেহরির সময় ন্যূনতম কষ্ট ছাড়া খাদ্যের ব্যবস্থা করতে পারেন—সে লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক মো. রবিউল ইসলাম, মো. মিনহাজুল ইসলাম সীমান্ত ও মোছা. রুনা বেগম। এছাড়াও দায়িত্ব পালন করেন মো. খোরশেদ আলম, মো. সিফাত ইসলাম, সিয়াম, লাবিব, রিপন, নাসরিন, সীমা ও মোসলেমা।
সংযোগ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও “মানুষের জন্য, মানুষের পাশে” নীতিকে ধারণ করে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
রমজানে ফুড প্যাকেজ পেয়ে রোজাদার মানুষরা হাসিমুখে বাড়ি ফেরেন এবং সংযোগ ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানান।