বিবিধ

চিলমারীতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ১৭টি, নিরাপদ ভোটের আশ্বাস সেনাবাহিনীর

  স্টাফ রিপোর্টার: ১০ ফেব্রুয়ারি ২০২৬ , ৩:৩৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

ছবি:সংগৃহিত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম–৪ সংসদীয় আসনের চিলমারী উপজেলার ১৭টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ১৬টি ভোটকেন্দ্রই ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন চর ও নদীবেষ্টিত এলাকায় অবস্থিত, যা ভোটগ্রহণ পরিচালনায় বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। বিশেষ করে এসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ভোট দিতে যাওয়ার ক্ষেত্রে নারী ভোটারদের মধ্যে ভয় ও উদ্বেগ বেশি দেখা যাচ্ছে।
তবে নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে বাংলাদেশ সেনাবাহিনী মাঠপর্যায়ে সক্রিয় তৎপরতা চালাচ্ছে। এরই অংশ হিসেবে গত ৫ ফেব্রুয়ারি দিনব্যাপী উপজেলার নয়ারহাট ইউনিয়নের চরাঞ্চল ও নদীবেষ্টিত খেরুয়ারচর এলাকায় হেলিকপ্টারযোগে এসে সেনাবাহিনী আকাশপথে বিশেষ মহড়া পরিচালনা করে। দুর্গম ও বিচ্ছিন্ন এলাকায় দ্রুত মোতায়েন, নজরদারি জোরদার এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা যাচাই করতেই এই মহড়া চালানো হয়।
মহড়ার পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা চরাঞ্চলের সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্থানীয় ভোটারদের নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের বিষয়ে আশ্বস্ত করা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ভোটের দিন কোনো ধরনের বিশৃঙ্খলা, ভয়ভীতি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে দেওয়া হবে না।
চিলমারী আর্মি ক্যাম্প সূত্র জানায়, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি রাখা হবে। নৌপথনির্ভর কেন্দ্রগুলোতে প্রয়োজনে জল ও আকাশপথে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার প্রস্তুতি রয়েছে। নদীর স্রোত, চরাঞ্চলের বিচ্ছিন্নতা ও যোগাযোগ সংকট বিবেচনায় নিয়েই এই নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
হেলিকপ্টার মহড়াকালে উপস্থিত ছিলেন ৬ ইঞ্জিনিয়ার ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নোমান মুন্সী, চিলমারী আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মো. তরিকুল ইসলাম, ক্যাপ্টেন মো. তাহসিন তামিমসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উপজেলা নির্বাচন অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, ঝুঁকিপূর্ণ ১৭টি কেন্দ্রের মধ্যে চরাঞ্চলের ১৬টি কেন্দ্র নয়ারহাট, অষ্টমীর চর ও চিলমারী ইউনিয়নে অবস্থিত। এসব কেন্দ্রে ২ প্লাটুন সেনাবাহিনী, ১ প্লাটুন বিজিবি, ৩২ জন পুলিশ ও আনসার ব্যাটালিয়নের ৮ সদস্যের একটি টিম নির্বাচনী দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম–৪ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৩,৬২,৭৫৩ জন। এর মধ্যে চিলমারীতে ১,১২,৬০০, রৌমারীতে ১,৭৬,৭৮৭ এবং রাজিবপুরে ৬৮,৬৭৬ জন ভোটার রয়েছেন। আসন্ন নির্বাচনে এই আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।