শিক্ষা

চার উপজেলার শিক্ষার্থীদের নিয়ে মেধা যাচাই পরীক্ষা

  চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ১৪ মার্চ ২০২৬ , ৪:২১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের চিলমারী ও রৌমারীতে স্বেচ্ছাসেবী সংগঠন মেধাবী কল্যাণ সংস্থা (এমকেএস)-এর উদ্যোগে চার উপজেলার শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। চিলমারী ও উলিপুর উপজেলা মিলিয়ে থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৪৩ জন এবং রৌমারী ও রাজিবপুর উপজেলা মিলিয়ে রৌমারীর দাঁতভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১১৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। মোট ৬৬১ জন শিক্ষার্থী এতে অংশ নেয়।
মেধাবী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আলম জানান, পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে প্রায় ১৫০ জন মেধাবী শিক্ষার্থীকে নির্বাচিত করে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হবে। আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য বার্ষিক এককালীন আর্থিক সহায়তার ব্যবস্থাও থাকবে। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী ও বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতিতেও সংগঠনটি শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করে।
অভিভাবকরা জানান, এই পরীক্ষা গতানুগতিক পরীক্ষার বাইরে হওয়ায় শিক্ষার্থীরা নিজেদের মেধা যাচাইয়ের একটি ভালো সুযোগ পায়।
এর আগে পরীক্ষায় অংশ নিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪র্থ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা গত ১ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করে। উল্লেখ্য, ২০১২ সালে প্রতিষ্ঠিত মেধাবী কল্যাণ সংস্থা (এমকেএস) পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তা ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন ধরনের শিক্ষা সহায়তা দিয়ে আসছে।