রাজনীতি

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

  কুড়িগ্রাম প্রতিনিধি: ১২ এপ্রিল ২০২৬ , ৯:৩৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ১১ দলীয় নির্বাচনী ঐক্য। রবিবার (১২ এপ্রিল) বিকেলে কুড়িগ্রাম শহরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি কলেজমোড়স্থ জুলাই স্মৃতি স্তম্ভ এলাকা থেকে শুরু হয়ে পৌরবাজার, শাপলা চত্বর, সুপার মার্কেট প্রদক্ষিণ করে দাদামোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে এদেশের মানুষ চেয়েছিলো নতুন বাংলাদেশে আর কোনো বৈষম্য, দলীয় কর থাকবে না,মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। বিএনপি জুলাই সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে সংবিধান লঙ্ঘন করেছে।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় এসেছে বিএনপি। আমরা সেটাও মেনে নিতে রাজি, যদি মানুষের গণঅধিকার প্রতিষ্ঠায় সরকার ভূমিকা রাখে, তাহলে আমরা সহযোগিতা করতে রাজি। কিন্তু মাত্র দুই মাসের ব্যবধানে আমরা রাস্তায় নেমেছি, সরকারের বিরুদ্ধে জনঐক্যমত সৃষ্টির জন্য রাজপথে আন্দোলনে নেমেছি।

এসময় তিনি বিএনপির উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ক্ষমতায় এসে রক্তের সঙ্গে বেঈমানি শুরু করেছে বিএনপি। জুলাই সনদ বাস্তবায়ন না হলে বাংলাদেশের মানুষকে রাজপথ থেকে সরাতে পারবে না। বিএনপি যদি ফ্যাসিস্ট হওয়ার ষড়যন্ত্র করে, তাহলে আমরা আবু সাঈদ, মুগ্ধ, হাদী হয়ে রাজপথে জীবন দিয়ে মোকাবিলা করব।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর নুর উদ্দিন কাসেমী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ, আব্দুল হামিদ, জামায়াত নেতা ছামছুল হুদা মিঠু প্রমুখ।