কুড়িগ্রাম প্রতিনিধি: ৬ এপ্রিল ২০২৬ , ৪:১৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্ত শিক্ষকদের পুনর্বহালের উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার কলেজ মোড় সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেহাল উদ্দিন বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সচেতন মহল অংশগ্রহণ করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযুক্ত শিক্ষকদের পুনর্বহালের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ২০২২ সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানসহ ৬ জন শিক্ষক ও কর্মচারী সাময়িকভাবে বরখাস্ত হন। তবে সম্প্রতি তাদের পুনরায় বিদ্যালয়ে সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
বক্তারা আরও বলেন, প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুতর অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের পুনর্বহাল করা হলে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। তাই অভিযুক্তদের পুনর্বহাল না করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।





