বিবিধ

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহী

  কুড়িগ্রাম প্রতিনিধি: ১৮ জানুয়ারি ২০২৬ , ৯:১৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।
সিদ্ধান্তের পর প্রতিক্রিয়া জানিয়ে মাহবুবুল আলম সালেহী বলেন, “মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আমি নির্বাচন কমিশনে আপিল করেছিলাম। আজ আপিলে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছি। এজন্য নির্বাচন কমিশনসহ আমার নির্বাচনি এলাকার ভোটারদের প্রতি আমি কৃতজ্ঞ।”
এর আগে গত ৪ জানুয়ারি দ্বৈত নাগরিকত্বের অভিযোগে কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। পরে তিনি ইসিতে আপিল করলে শুনানি শেষে তা বৈধ ঘোষণা করা হয়।
কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে এবার মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন,তাসভীর উল ইসলাম (বিএনপি),মাহবুবুল আলম সালেহী (জামায়াত),আক্কাস আলী সরকার (ইসলামী আন্দোলন—চরমোনাই),আব্দুস সোবহান (জাতীয় পার্টি),সরকার মো. নুরে এরশাদ সিদ্দিকী (গণঅধিকার পরিষদ),মামুন অর রশিদ (বাংলাদেশ খেলাফতে মজলিস),নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ৪৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৩ হাজার ৩২ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ৪০২ জন।