কুড়িগ্রামের রৌমারী উপজেলায় চেক জালিয়াতির মামলায় আব্দুল মান্নান (৪৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ২০২০ সালে ভাটার ইট সরবরাহের কথা বলে আব্দুল মান্নান স্থানীয় ব্যবসায়ী জহুরুল ইসলামের কাছ থেকে ১০ লাখ ৮০ হাজার টাকা নেন। কিন্তু নির্ধারিত সময় পার হলেও ইট সরবরাহ না করায় ২০২১ সালে তিনি জহুরুল ইসলামকে একটি চেক দেন।
ব্যাংকে চেকটি জমা দিলে ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ওই অ্যাকাউন্টে কোনো টাকা নেই। পরে জহুরুল ইসলাম আদালতে চেক জালিয়াতির মামলা করেন। মামলার রায়ে আদালত আব্দুল মান্নানকে দোষী সাব্যস্ত করেন।
বুধবার (১২ নভেম্বর) বিকেল ৪টার দিকে রৌমারী উপজেলার হাজিরহাট এলাকায় তার নিজ ইটভাটা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি উপজেলার শৌলমারী ইউনিয়নের ডাঙ্গুয়াপাড়া গ্রামের বাসিন্দা।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক বলেন, “আব্দুল মান্নান একজন ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে গ্রেফতার করা হয়েছে, আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।”
ভুক্তভোগী জহুরুল ইসলাম বলেন, “সে একজন প্রতারক। পাঁচ বছর ধরে আমার টাকা দিয়ে ব্যবসা করছে, কিন্তু ফেরত দেয়নি। অনেক মানুষের কাছ থেকেও টাকা নিয়ে প্রতারণা করেছে। ব্যাংকসহ তার নামে দশটিরও বেশি মামলা রয়েছে। আমি আমার টাকার ফেরত ও তার শাস্তি কামনা করছি।”
