উত্তরের আলো

২১ দফা দাবি মানা না হলে ‘লং মার্চ টু যমুনা’ঘোষণা

২১ দফা দাবি মানা না হলে ‘লং মার্চ টু যমুনা’ঘোষণা

সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা, কর্মক্ষেত্রে সুরক্ষা এবং মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠাসহ ২১ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন রংপুরের সাংবাদিক নেতৃবৃন্দ। এসব দাবি বাস্তবায়ন না হলে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

শনিবার (১ নভেম্বর) দুপুরে রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এই ঘোষণা আসে। বৃষ্টিতে ভিজে রংপুর মহানগরী ও আশপাশের আট উপজেলার প্রায় দুই শতাধিক গণমাধ্যমকর্মী এ কর্মসূচিতে অংশ নেন।

আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি প্রকাশ করেন—রংপুর প্রেসক্লাব, সিটি প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ জেলার বিভিন্ন প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনের নেতারা।

সমাবেশে বক্তব্য রাখেন—লিয়াকত আলী বাদল, সুশান্ত ভৌমিক, স্বপন চৌধুরী, মাহবুব রহমান হাবু, চঞ্চল মাহমুদ, বাদশাহ ওসমানী, মমিনুল ইসলাম রিপন, হুমায়ুন কবীর মানিক, ফখরুল শাহীন, একেএম ময়নুল ইসলাম, শিমুল ইসলাম, আসাদুজ্জামান আফজাল, রাকিবুল ইসলাম, হারুন উর রশিদ সোহেল, কামরুল ইসলাম চুন্নু, আতিক হাসান, খুশবু আহমেদ রনি, আবু সাঈদ, বাবলু নাগ, মহিউদ্দিন মখদুমী, হাফিজুর রহমান, সাইদুল ইসলাম, লুৎফর লোহানী শ্যামল, আলতাব হোসেন দুলাল, আবদুল হাকিম ডালিম, তাজরুল ইসলাম, কাজী শহিদুল ইসলাম, আব্দুল কুদ্দুস ও আব্দুল আলীম প্রামাণিক প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিকদের আর্থিক ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে ‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতি কার্যকর করতে হবে। সাংবাদিকদের সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, সাপ্তাহিক ছুটি দুই দিন নির্ধারণ, সাগর-রুনি হত্যার বিচার, গণমাধ্যমবিরোধী সব কালাকানুন বাতিল, এবং সাংবাদিকদের পাওনা আদায়ের জন্য পৃথক শ্রম আদালত স্থাপন করতে হবে।

তারা আরও বলেন, “২১ দফা দাবি মানা না হলে আমরা লং মার্চ টু যমুনা কর্মসূচি পালন করবো। সে কর্মসূচিতে রংপুরের সাংবাদিকরাও অংশ নেবে।”

সমাবেশে সংহতি প্রকাশ করেন—রংপুর বিভাগীয় জাতীয়তাবাদী শ্রমিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা কমিটির সাবেক আহ্বায়ক ইমরান হোসেন, এবং রেড জুলাই সভাপতি ও এনসিপির নেতা শেখ রেজওয়ান প্রমুখ।

বৃষ্টিতে ভিজে কাকভেজা অবস্থায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে রংপুরের প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকরা একযোগে অংশ নেন।

শেয়ার: