ডেস্ক রিপোর্ট : ৫ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:২১ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী ৭ ফেব্রুয়ারি দেশের উত্তরাঞ্চলের তিনটি জেলা সফর করবেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। জেলাগুলো হলো— দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুর জেলা বিএনপির কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, এবারের সফর সড়কপথে নয়, হেলিকপ্টারে সম্পন্ন করা হবে। দিন নির্ধারিত হলেও সফরের নির্দিষ্ট সময় এখনো চূড়ান্ত হয়নি। এটি নির্ভর করবে নিরাপত্তা, আবহাওয়া ও কেন্দ্রীয় সফরসূচির ওপর।
ডা. জাহিদ হোসেন জানান, ওই দিন তারেক রহমান দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলায় বিএনপি মনোনীত প্রার্থীদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন।
তিনি আরও জানান,ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,
দিনাজপুর-৬ আসনে ডা. এ জেড এম জাহিদ হোসেন,
নীলফামারী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহরিন ইসলাম তুহিন—এই তিন প্রার্থীর প্রচারণার অংশ হিসেবে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান।
ডা. জাহিদ হোসেন বলেন, দিনাজপুরে তারেক রহমানের জনসভা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সফল করতে জেলা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করা হয়েছে এবং ইতোমধ্যে প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আরও জানান, সফরের অংশ হিসেবে তারেক রহমান তার প্রয়াত নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার এবং খালা সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন।





