কুড়িগ্রাম প্রতিনিধি: ২০ জানুয়ারি ২০২৬ , ৪:৪০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার আশঙ্কা প্রকাশ করে কঠোর অবস্থান ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুড়িগ্রাম জেলা শাখা। দলটি প্রশাসনকে স্পষ্ট বার্তা দিয়েছে—কোনো ধরনের কারচুপি, প্রভাব বিস্তার বা পক্ষপাতমূলক আচরণ সহ্য করা হবে না।
মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম শহরের কলেজমোড়স্থ গ্র্যান্ড অ্যাসেম্বলি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে কুড়িগ্রাম–৩ আসনের জামায়াত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী প্রশাসনকে সরাসরি সতর্ক করে বলেন, নির্বাচনের মাঠ যেন কোনো বিশেষ মহলের স্বার্থে নিয়ন্ত্রিত না হয়।
তিনি বলেন,“আমরা জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোট কুড়িগ্রামের চারটি আসনে পূর্ণ নিরাপত্তা, নিরপেক্ষতা ও শান্তিপূর্ণ ভোট চাই। জেলা প্রশাসন যদি সব পক্ষকে সমান সুযোগ না দেয়, তাহলে পরিস্থিতির দায় প্রশাসনকেই নিতে হবে।”
তিনি আরও বলেন,“সুষ্ঠু নির্বাচন হলে কুড়িগ্রামের চারটি আসনের একটিতেও জয় না পেলেও আমাদের কোনো আক্ষেপ থাকবে না। কিন্তু যদি ভোটে কারচুপি হয়, ভয়ভীতি দেখানো হয় বা ব্যালটে হস্তক্ষেপ করা হয়—তাহলে আমরা বসে থাকব না।”
সংবাদ সম্মেলনে সালেহী অভিযোগ করেন, অতীতে বিভিন্ন নির্বাচনে কুড়িগ্রামে ভোটকেন্দ্র দখল, ভীতি প্রদর্শন ও প্রশাসনিক পক্ষপাতের নজির রয়েছে। তাই এবার জামায়াত ও ১০ দলীয় জোট কঠোর নজরদারি রাখবে এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে মাঠে নামবে।
এ সময় উপস্থিত ছিলেন—কুড়িগ্রাম–১ আসনের জামায়াত প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম–৪ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার, জেলা সেক্রেটারি মো. নিজাম উদ্দিন, সাবেক আমীর আব্দুল মতিনসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।











