স্টাফ রিপোর্টার: ১৯ জানুয়ারি ২০২৬ , ৯:৪৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
পেশায় শিক্ষক হলেও ফুল ও প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা থেকে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন মাহবুবুর রহমান। কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ধর্মপুর গ্রামে প্রায় দুই একর জমিতে নিজ উদ্যোগে তিনি গড়ে তুলেছেন মনোরম একটি ফুলের বাগান।
নানান জাতের রঙিন ফুলে সজ্জিত এই বাগানটি এখন রৌমারী উপজেলার মানুষের নির্মল বিনোদনের কেন্দ্রে পরিণত হয়েছে। প্রতিদিনই পরিবার-পরিজন নিয়ে নানা বয়সী মানুষ বাগান দেখতে ভিড় করছেন। বিশেষ করে বিকেলের দিকে শিশু-কিশোর ও তরুণদের পদচারণায় বাগানজুড়ে প্রাণচাঞ্চল্য দেখা যায়।
স্থানীয়রা জানান, এ এলাকায় এমন ব্যতিক্রমী ফুলের বাগান আগে কখনো দেখা যায়নি। প্রাকৃতিক পরিবেশের মাঝে সময় কাটানোর সুযোগ পেয়ে তারা দারুণ আনন্দিত। অনেকেই মনে করছেন, এই বাগান এলাকার সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি মানসিক প্রশান্তির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে।
বাগানের উদ্যোক্তা শিক্ষক মাহবুবুর রহমান বলেন, “পড়াশোনার পাশাপাশি প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক আরও গভীর করতেই আমার এই উদ্যোগ। আমি চাই, সাধারণ মানুষ যেন পরিবার নিয়ে নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে কিছুটা সময় আনন্দের সঙ্গে কাটাতে পারে।”
এই ব্যতিক্রমী উদ্যোগের জন্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলাউদ্দিন মাহবুবুর রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, “এ ধরনের উদ্যোগ এলাকার পরিবেশ ও সামাজিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকা উচিত।”
ফুলের সৌন্দর্য আর প্রকৃতির টানে গড়ে ওঠা এই বাগান এখন রৌমারীর একটি পরিচিত ও আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।











