বিবিধ

রৌমারীতে ভোটার সচেতনতায় উঠান বৈঠক,প্রধান অতিথি জেলা প্রশাসক-রিটার্নিং অফিসার

  HM Mehahi ২২ জানুয়ারি ২০২৬ , ১০:৫৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুর চর ইউনিয়নের কোমরভাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রৌমারী উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মিজ অন্নপূর্ণা দেবনাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী, পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, জেলা নির্বাচন অফিসার মোঃ আলমগীরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।
উঠান বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য ভোটারদের আহ্বান জানানো হয়। একই সঙ্গে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন,“দেশের উন্নয়নের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের ভবিষ্যৎ গড়ার চাবিকাঠি আপনাদের হাতে।”
তিনি চরাঞ্চলের মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
অন্যান্য বক্তারা ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরে বলেন, সবার সম্মিলিত সহযোগিতায় একটি শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব। ভোটার সচেতনতা বাড়াতে এ ধরনের সভা আরও জোরদার করা হবে বলেও তারা জানান।