রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ৮ এপ্রিল ২০২৬ , ৬:৫৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহেল মিয়া (২২) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (৮ এপ্রিল ২০২৬) দুপুর ১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চর ফুলবাড়ী গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সোহেল মিয়াকে তার নিজ শোবার ঘর থেকে ইয়াবাসহ আটক করা হয়। তিনি চর ফুলবাড়ী গ্রামের শাহা আলমের ছেলে।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, সোহেল মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ তথ্যের ভিত্তিতেই পরিকল্পিতভাবে অভিযানটি পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু নায়েম কাজী মো. নুরুন্নবী। তার নেতৃত্বে টহল দল সফলভাবে অভিযান সম্পন্ন করে এবং ইয়াবা ট্যাবলেটগুলো জব্দ করা হয়।
পরে আটক সোহেল মিয়াকে রৌমারী থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে তাদের কার্যক্রম আরও জোরদার করা হবে।





