ইরিন জামান খান প্রান্তি,রাবি প্রতিনিধি: ৫ মার্চ ২০২৬ , ৭:১৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভিত্তিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশনের উদ্যোগে এবং যুক্তরাষ্ট্রভিত্তিক, সিলেট থেকে পরিচালিত পরিজন প্রাইভেট ফাউন্ডেশনের সৌজন্যে ঈদের নতুন জামা ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) নবজাগরণ শিক্ষা নিকেতন, নতুন বুধপাড়া প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ৪০ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদের নতুন পোশাক ও বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করা হয়। গত বছরের মতো এবারও কর্মসূচির সব পোশাকের ব্যয় বহন করেছে পরিজন প্রাইভেট ফাউন্ডেশন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ড. মো. মনিমুল হক, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক ও সংগঠনের সাবেক সভাপতি মো. খালিদ হাসান এবং উপদেষ্টা ও সাবেক সভাপতি মো. রাসেল সরকার।
এছাড়া পরিজন প্রাইভেট ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন ম্যানেজার সাব্বির আহমেদ এবং স্থানীয় কো-অর্ডিনেটর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সাজু সরদার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
নবজাগরণ ফাউন্ডেশনের সভাপতি বলেন, সংগঠনটি দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করে আসছে। পরিজন প্রাইভেট ফাউন্ডেশনের সহযোগিতায় এবারও শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করতে পেরে তারা আনন্দিত এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞ।
অনুষ্ঠানে নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা,সদস্য, শিক্ষক ও স্থানীয় অভিভাবকরাও উপস্থিত ছিলেন।











