ইরিন জামান খান প্রান্তি,রাবি প্রতিনিধি: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ১:৪২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
‘ঈদ’ ধর্মপ্রাণ মুসলমানদের জন্য রহমত, সহমর্মিতা ও আনন্দ ভাগাভাগির এক অনন্য উৎসব। তবে সমাজের সবার জন্য ঈদ সমান আনন্দ বয়ে আনে না। জীবনের কঠিন বাস্তবতায় অনেকের কাছে ঈদ মানে বঞ্চিতদের দীর্ঘশ্বাস। এই বঞ্চিতদের তালিকায় সবচেয়ে করুণভাবে উঠে আসে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত পথশিশুদের মুখ।
এই শিশুদের মাঝে সমানভাবে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মানবিক উদ্যোগ নিয়েছে United Nations Youth and Students Association of Bangladesh (ইউনিস্যাব)–এর রাজশাহী ডিভিশন। তাদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঈদ ফর স্ট্রিট চিলড্রেন ২০২৬’ শীর্ষক বিশেষ কর্মসূচি।
আয়োজকরা জানান, এটি কেবল একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; বরং মানবিক দায়বদ্ধতা থেকে নেওয়া একটি সমন্বিত সামাজিক উদ্যোগ। কর্মসূচির আওতায় রাজশাহী শহরের ছিন্নমূল ও অবহেলিত শিশুদের মধ্যে নতুন পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ করা হবে, যাতে তারাও ঈদের আনন্দে অংশ নিতে পারে।
ইতোমধ্যে ইউনিস্যাবের স্বেচ্ছাসেবীরা রাজশাহীর বিভিন্ন এলাকায় সরেজমিন পরিদর্শন করে সুবিধাবঞ্চিত শিশুদের তালিকা প্রণয়ন করেছেন। এতে সহায়তা কার্যক্রম সুশৃঙ্খল ও কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
কর্মসূচি সফল করতে ফান্ডিং, ক্রাউডফান্ডিং ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থ সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ইউনিস্যাবের নিবন্ধিত সদস্য, অ্যালামনাই ও শুভাকাঙ্ক্ষীদের এ উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অর্থ সংগ্রহ কার্যক্রম চলবে ২৩ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ৪ মার্চ ২০২৬ পর্যন্ত।
ইউনিস্যাব রাজশাহী ডিভিশনের রিজিওনাল সেক্রেটারি রাশাদুজ্জামান রাকিব বলেন, সংগঠনটি দীর্ঘদিন ধরে রাজশাহীর তরুণ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ ও ক্যারিয়ার প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। নিয়মিত স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ট্যালেন্ট হান্ট, ইয়ুথ লিডারশিপ সামিট ও ক্যারিয়ার রিথিংকিং–ভিত্তিক আয়োজনের মাধ্যমে তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে সংগঠনটি।
তিনি আরও বলেন, “ঈদ ফর স্ট্রিট চিলড্রেন আমাদের একটি সিগনেচার মানবিক উদ্যোগ। আমরা বিশ্বাস করি, ঈদের আনন্দ সবার জন্য। সেই বিশ্বাস থেকেই রাজশাহীর অবহেলিত পথশিশুদের মুখে হাসি ফোটাতে আমাদের এ প্রচেষ্টা।”
আয়োজকরা জানান, একটি ছোট সহায়তাও একটি শিশুর জীবনে বড় পরিবর্তন আনতে পারে। ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায়। তাই সমাজের সচেতন নাগরিক, কর্পোরেট প্রতিষ্ঠান ও শুভানুধ্যায়ীদের এ মানবিক কর্মসূচিতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
সহযোগিতার উপায় (Send Money):
বিকাশ / নগদ / রকেট: ০১৭২৯৩৬৬৬৮৬
অ্যাকাউন্ট হোল্ডার: গোপাল চন্দ্র শীল
অ্যাকাউন্ট নম্বর: ০২০০০২১৩৫৯০৭৩
ব্যাংক: অগ্রণী ব্যাংক, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা
আয়োজকরা আশা প্রকাশ করছেন, সবার সম্মিলিত সহযোগিতায় এবারের কর্মসূচিও সফলভাবে সম্পন্ন হবে।





