অনলাইন ডেস্ক : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:২৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
রংপুরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তাকে আট লাখ টাকা ঘুষ দিতে গিয়ে মাইদুল ইসলাম নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।
মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ বিকেলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপ-পরিচালক রোকসানা বেগমের কার্যালয়ে গিয়ে ঘুষ দেওয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে টাকাসহ পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
জানা যায়, কুড়িগ্রামের রৌমারী উপজেলার কচাইকাটা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক ও তিন কর্মচারীকে এমপিওভুক্ত করতে গত ৯ ফেব্রুয়ারি উপ-পরিচালক রোকসানা বেগমের সঙ্গে সাক্ষাৎ করেন মাইদুল ইসলাম। তবে প্রয়োজনীয় শর্ত পূরণ না হওয়ায় তিনি কোনো ধরনের সুপারিশ দিতে অস্বীকৃতি জানান।
আজ দুপুরে পুনরায় তিনি ওই কার্যালয়ে আসেন এবং মোবাইল ফোনে ম্যাসেজের মাধ্যমে জানান, এক শিক্ষককে এমপিওভুক্ত করতে ৫ লাখ টাকা এবং তিন কর্মচারীর জন্য আরও ৩ লাখ টাকা নিয়ে এসেছেন—মোট ৮ লাখ টাকা।
বিষয়টি আঁচ করতে পেরে রোকসানা বেগম অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিষয়টি জানান এবং পরে তাকে পুলিশের হাতে তুলে দেন।
আটক মাইদুল ইসলাম সাংবাদিকদের বলেন,“আমি কচাইকাটা স্কুলের সাবেক শিক্ষক। একজন বলেছিল টাকা দিলে কাজ হতে পারে। তাই আজ ৮ লাখ টাকা নিয়ে এসেছিলাম। ম্যাডাম যে ঘুষ নেন না, তা আমি জানতাম না। এটা আমার অন্যায় হয়েছে। জেল হলেও মেনে নেব।”
উপ-পরিচালক রোকসানা বেগম বলেন,“এমপিওভুক্তির জন্য ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে অনলাইনে জরিপে থাকা বাধ্যতামূলক। এ শর্ত পূরণ না হলে কোনো সুপারিশের সুযোগ নেই। ওই ব্যক্তি টাকা নিয়ে আসায় আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি।”
কোতয়ালী থানার ওসি মো. শাহজাহান আলী বলেন,
“ঘুষের টাকাসহ মাইদুল ইসলামকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”











