বিবিধ

মালয়েশিয়া যুবদলের সিনিয়র সহ-সভাপতি হলেন মাদারগঞ্জের নুরে সিদ্দিকী সুমন

  জাহিদুর রহমান উজ্জ্বল, মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ , ২:৪৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

বিএনপির যুব সংগঠন জাতীয়তাবাদী যুবদল, মালয়েশিয়া শাখার সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কৃতি সন্তান নুরে সিদ্দিকী সুমন।
গত ১৫ ফেব্রুয়ারি কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন–এর নির্দেশে সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া–র স্বাক্ষরে যুবদল মালয়েশিয়া শাখার ১৫ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হন নুরে সিদ্দিকী সুমন।
তিনি বর্তমানে মাদারগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
নুরে সিদ্দিকী সুমন মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। তিনি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী (তারা)–র সন্তান।
স্কুলজীবন থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি রাজনীতিতে যুক্ত হন। পরবর্তীতে ব্যবসার সুবাদে মালয়েশিয়ায় পাড়ি জমান এবং সেখানে যুবদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সংগঠনের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে তিনি আর্থিকসহ নানা সহযোগিতা দিয়ে আসেন।
সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় নুরে সিদ্দিকী সুমন বলেন,
“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”