ডেস্ক রিপোর্ট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ , ৬:৩৬ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে ৬৮ শতাংশ ভোটার ‘হ্যাঁ’ বলায় জুলাই সনদ অনুযায়ী সংসদের ১০০ আসনের উচ্চকক্ষ গঠনের পথ উন্মুক্ত হয়েছে। এই উচ্চকক্ষ গঠিত হবে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে।
সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চকক্ষে প্রতিনিধিত্ব পেতে হলে কোনো দলকে কমপক্ষে ১ শতাংশ ভোট অর্জন করতে হবে। এ শর্তের কারণে স্বতন্ত্র প্রার্থীসহ ১ শতাংশের কম ভোট পাওয়া দলগুলো উচ্চকক্ষে প্রতিনিধিত্ব থেকে বাদ পড়ছে।
এবারের নির্বাচনে পাঁচটি দল ১ শতাংশের বেশি ভোট পেয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস—এই পাঁচ দলের মোট ভোট ৮৯.৫৭ শতাংশ। বাকি দল ও স্বতন্ত্র প্রার্থীরা মিলিয়ে পেয়েছেন ১০.৪৩ শতাংশ ভোট, যা হিসাবের বাইরে থাকবে।
এই হিসাবে উচ্চকক্ষে আসন বণ্টন হবে—
বিএনপি ৫৬টি, জামায়াত ৩৬টি, এনসিপি ৩টি, ইসলামী আন্দোলন ৩টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসন পাবে।
স্বতন্ত্র প্রার্থীরা ৫.৭৯ শতাংশ ভোট পেলেও দলভিত্তিক শর্ত পূরণ না করায় উচ্চকক্ষে প্রতিনিধিত্ব পাবেন না। একইভাবে গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বিজেপি ও খেলাফতের অপর অংশও বাদ পড়ছে।
চলতি সংসদেই উচ্চকক্ষ গঠনের প্রক্রিয়া শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।











