অনলাইন ডেস্ক : ২২ জানুয়ারি ২০২৬ , ৫:১৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি এমনিতেই সাধারণ ছুটি থাকছে। এর পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় এবার নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি পাচ্ছে দেশবাসী।
এছাড়া ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে শ্রমিক ও কর্মচারীরা শুক্র-শনিবার বাদে টানা তিন দিন ছুটি পাবেন।
আজ বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, “১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি আগেই ঘোষণা করা হয়েছিল। আজকের বৈঠকে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি এবং ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের ছুটি অনুমোদন করা হয়েছে।”
এই সিদ্ধান্তের ফলে ভোট ঘিরে দেশের মানুষ ও শ্রমজীবী শ্রেণি স্বস্তিতে চলাচল ও ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





