মারুফ সরকার, স্টাফ রিপোর্টার : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ , ২:৫৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলের চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)-র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা।
এক যৌথ বিবৃতিতে তারা বলেন, জনগণের বিপুল সমর্থনে অর্জিত এই বিজয় দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় নতুন অধ্যায় সূচনা করেছে। তারা আশা প্রকাশ করেন, তারেক রহমান তাঁর মেধা, প্রজ্ঞা ও অতীত রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের জন্য শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্রের ধারাবাহিকতা এবং টেকসই উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন।
নেতৃবৃন্দ আরও বলেন, জনগণের প্রত্যাশা এখন নতুন সরকারের ওপর। তারা বিশ্বাস করেন, তারেক রহমান অচিরেই রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব গ্রহণ করে জাতীয় ঐক্য সুসংহত করবেন এবং সহনশীলতা, দায়িত্বশীলতা ও রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়ে দেশকে বিদ্যমান নানা সংকট, অনিশ্চয়তা ও বিভাজন থেকে উত্তরণে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।
বিবৃতিতে তারা বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সংলাপের সংস্কৃতি জোরদার করা সময়ের দাবি। একটি অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে সরকার ও বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ইতিবাচক সম্পর্ক বজায় রাখা জরুরি।
শেষে নেতৃবৃন্দ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়া-কে। তারা তারেক রহমান ও তাঁর পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সার্বিক মঙ্গল কামনা করেন।
এনডিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন সরকারের নেতৃত্বে দেশ গণতন্ত্র, উন্নয়ন ও মানবাধিকারের ক্ষেত্রে একটি নতুন দিগন্তে প্রবেশ করবে।











