চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ১৪ মার্চ ২০২৬ , ৪:৪০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের চিলমারীতে শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের অবদান, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলা এবং সৃজনশীল শিক্ষা কার্যক্রম পরিচালনার স্বীকৃতিস্বরূপ এক শিক্ষককে শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা প্রদান করা হয়েছে।
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা হিসেবে তাকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। তিনি উপজেলার শরীফেরহাট মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
সম্প্রতি চিলমারী উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির আয়োজনে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো. আব্দুল ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারভিটা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মিনহাজুল ইসলাম। এছাড়াও স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ওই শিক্ষক দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষকতা করে আসছেন। তিনি শুধু পাঠদানেই নয়, শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম, নৈতিক শিক্ষা এবং সৃজনশীল চিন্তাভাবনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তার প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষাবিষয়ক প্রতিযোগিতা ও পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এ উপলক্ষে তাকে ক্রেস্ট, সনদপত্র ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা তাকে অভিনন্দন জানান।
সম্মাননা গ্রহণ করে তিনি বলেন, স্বচ্ছ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাকে নির্বাচিত করায় বিচারক প্যানেলকে আন্তরিক ধন্যবাদ জানান। ভবিষ্যতেও শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, প্রতিবছর শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখা শিক্ষকদের উৎসাহিত করতে এ সম্মাননা প্রদান করা হয়ে থাকে। শিক্ষা সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষকদের কাজের প্রতি আগ্রহ ও দায়িত্ববোধ আরও বৃদ্ধি করে।











