স্টাফ রিপোর্টার: ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:১৫ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রাম-৪ আসনের নির্বাচনী লড়াইয়ে আজ এক অন্যরকম দৃশ্য দেখা গেল চিলমারী উপজেলার প্রতিটি ভোটকেন্দ্রে। সকাল থেকেই নারী ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। চিলমারীর থানাহাট ও রমনা ইউনিয়নের কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশ্লেষকরা মনে করছেন, এবারের নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনের জয়-পরাজয়ের চাবিকাঠি মূলত নারী ভোটারদের হাতেই।
আসমা বেগম বলেন, নদীভাঙন এলাকার মানুষ। প্রতি বছর ঘরবাড়ি হারাই। যে আমাদের দুঃখ বুঝবে, নদী ভাঙন রোধে কাজ করবে এবং আমাদের সন্তানদের চাকরির ব্যবস্থা করবে, আমরা তাকেই ভোট দিচ্ছি। ঘরের কাজ সেরে সকালেই লাইনে দাঁড়িয়েছি যেন নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারি।
রুকাইয়া সুলতানা জানান, আমার জীবনের প্রথম ভোট। নারী নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আমি ভোট দিচ্ছি। আমরা এমন একজন প্রতিনিধি চাই যিনি সংসদে আমাদের কথা বলবেন এবং চিলমারীর অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখবেন।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, নারী ভোটারদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একটি ইতিবাচক সংকেত।
চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সবুজ কুমার বসাক বলেন, নারী ভোটাররা যাতে নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারেন, সেজন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে নারী পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।











