ডেস্ক নিউজ ৮ মার্চ ২০২৬ , ৮:২৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
গাজীপুরের কাপাসিয়া উপজেলার নরোত্তমপুর এলাকায় প্রাকৃতিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে একটি ব্যতিক্রমধর্মী ইফতার ও দোয়া মাহফিল। গত ৬ মার্চ স্থানীয় যুবকদের অংশগ্রহণে ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে হিজলগাছের ছায়ায় ধানের ক্ষেতে এই আয়োজন করা হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে যুবসমাজের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। সবুজ ধানক্ষেত, নির্মল বাতাস এবং গ্রামীণ প্রকৃতির শান্ত পরিবেশে আয়োজিত ইফতার অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের মধ্যে ভিন্নধর্মী অনুভূতি সৃষ্টি করে এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ তৈরি হয়।
ইফতারের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা যুবসমাজের ঐক্য, সামাজিক দায়িত্ববোধ এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে তরুণদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হলে যুবকদের সংগঠিত হয়ে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে সামাজিক উন্নয়ন, নৈতিক মূল্যবোধ ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা গেলে সমাজে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা আরও জোরদার হবে।
আলোচনা সভায় বক্তব্য দেন ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি লেখক তৌফিক সুলতান। তিনি বলেন, যুবসমাজই একটি দেশের অগ্রগতির প্রধান শক্তি। তাই তাদেরকে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সময়ের দাবি। তিনি জানান, সংগঠনের উদ্যোগে ভবিষ্যতে বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ সংরক্ষণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি, অসহায় মানুষের সহায়তা এবং স্থানীয় উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এসব কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে একটি অস্থায়ী কমিটি গঠনের বিষয়েও তিনি মতামত তুলে ধরেন।
সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক নাজমুল হোসাইন বলেন, একটি সংগঠনকে শক্তিশালী ও কার্যকর করতে হলে সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, দায়িত্ববোধ ও ঐক্য অপরিহার্য। তিনি যুবকদের সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে সমাজকল্যাণমূলক কাজে অংশগ্রহণের আহ্বান জানান এবং সংগঠনের কার্যক্রম সম্প্রসারণে সদস্য সংখ্যা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় সংগঠনের সদস্য মাহফুজ, জাহিদ, মো. ফয়সাল, রিফাত ও নাহিদসহ আরও কয়েকজন সংক্ষিপ্ত বক্তব্য দেন। তারা বলেন, এ ধরনের সামাজিক উদ্যোগ যুবসমাজকে ইতিবাচক কাজে উদ্বুদ্ধ করে এবং একটি সচেতন সমাজ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।
সংগঠনের সাধারণ সম্পাদক ফরহাদ ফকির বলেন, যুবকদের মধ্যে নেতৃত্ব বিকাশ, সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বৃদ্ধি এবং নতুন উদ্যোক্তা তৈরি করার মাধ্যমে সমাজ উন্নয়নে অবদান রাখাই সংগঠনের লক্ষ্য। তিনি বলেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান করা সম্ভব।
ইফতারের পর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশের শান্তি-সমৃদ্ধি, সমাজের কল্যাণ, যুবসমাজের উন্নয়ন এবং ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমের সফলতা কামনা করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।











