অপরাধ

সরকারি ওষুধ পাচার,রৌমারীতে আটক ১

  কুড়িগ্রাম প্রতিনিধি: ১০ মার্চ ২০২৬ , ৪:৫৪ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সরকারি ওষুধ ও স্বাস্থ্যসামগ্রী পাচারের চেষ্টার অভিযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্টোরকিপারকে আটক করেছে পুলিশ।
সোমবার (৯ মার্চ) রাত ৮টার দিকে রৌমারী শহরের একটি কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার ফারুক বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানার একটি দল শহরের একটি কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালায়। এ সময় কুরিয়ারের মাধ্যমে পাঠানোর প্রস্তুতিকালে ৪০ হাজার পিস মেট্রোনিডাজল ট্যাবলেট ও ১৮টি ওয়েট মেশিন জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে স্টোরকিপার ফারুককে আটক করা হয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা ওষুধ ও সরঞ্জাম থানায় নিয়ে আসা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।