ইরিন জামান খান প্রান্তি,রাবি প্রতিনিধি: ৬ মার্চ ২০২৬ , ৯:৫২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) এর উদ্যোগে সাংবাদিক ও মিডিয়া সংশ্লিষ্টদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের সেমিনার কক্ষে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনটি সাংবাদিক সংগঠন— রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি। তিনি একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন,
“রোজা রেখে যে ব্যক্তি মিথ্যা বলা ও অসৎ কাজ পরিত্যাগ করতে পারে না, তার রোজা রাখা মানে শুধু না খেয়ে থাকা।”
তিনি বলেন, এই হাদিসটি সকল মুসলিমের জন্য যেমন প্রযোজ্য, তেমনি সাংবাদিকদের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের উচিত নিজ নিজ অবস্থান থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরা। একই সঙ্গে তিনি শহর ও ক্যাম্পাসের মিডিয়া ও প্রকাশনার সহযোগিতার বিষয়ে রাকসুর বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান।
ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি ও সাংবাদিক সমিতির সদস্যরা। তারা সাংবাদিকদের প্রতি সার্বিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।
রাকসুর এজিএস সালমান সাব্বির বলেন,“রাকসু কতটুকু কাজ করতে পারবে, তা অনেকটাই আপনাদের ওপর নির্ভর করে। মিডিয়া প্রকাশনা বিভাগ ও মিডিয়া উইং পরিচালনায় আমাদের কিছু ঘাটতি রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের খারাপ খবরের পাশাপাশি ভালো দিকগুলোও যদি দেশব্যাপী তুলে ধরা যায়, তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও বাড়বে।”
তিনি আরও বলেন, “আমরা অকপটে স্বীকার করছি যে, রাকসুর যেভাবে কাজ করার কথা ছিল, সে অনুযায়ী আমরা পুরোপুরি কাজ করতে পারিনি। রাকসুর কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে আপনাদের মূল্যবান পরামর্শ আমাদের কার্যক্রমকে আরও গতিশীল করবে।”
রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার বলেন,
“রাকসুর পেছনে আপনাদের অনেক অবদান রয়েছে। আমরা আশা করি, আপনারা ক্যাম্পাসের ইতিবাচক দিকগুলো যতটা সম্ভব তুলে ধরবেন।”
তিনি ক্যাম্পাস সাংবাদিকদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত সাংবাদিকতা চর্চা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।পাশাপাশি সাংবাদিকদের উদ্দেশে বলেন,
“আপনারা আসবেন, প্রশ্ন করবেন, সমালোচনা করবেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা করবেন।”





