রাজনীতি

রাবিতে রাকসু সিনেট ও হল সংসদ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

  ইরিন জামান খান প্রান্তি,রাবি প্রতিনিধি: ৫ মার্চ ২০২৬ , ১০:২৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) এর সিনেট ও হল সংসদের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) মো. মঈন উদ্দিন, রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার, এজিএসসহ হল সংসদের সদস্যবৃন্দ।
পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সম্মেলনে উপাচার্য ড. সালেহ হাসান নকীব বক্তব্যে বলেন, “রাকসুর কার্যক্রমের জন্য কত টাকা রয়েছে তা প্রকাশ করতে হবে। এ কথা বলার সুযোগ নেই যে—এ তথ্য হল সংসদের জানার প্রয়োজন নেই। হল সংসদের সদস্যদেরও এ তথ্য জানার অধিকার রয়েছে।”
তিনি আরও বলেন, “প্রত্যেককে যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করতে হবে।”
‘নেই, নেই, নেই’ মানসিকতা পরিবর্তনের আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, “আমার কঠোর কথাগুলো হজম করার চেষ্টা করো, হজম শক্তি বাড়াও। আমার সবচেয়ে আপনজন হলো এই ছেলেমেয়েরা—মানে তোমরা। তবে তার মানে এই নয় যে, তোমরা যা-তা বলবে আর আমরা শুধু বাহবা দেব—এটা কখনোই হবে না।”
তিনি আরও বলেন, “কী করা উচিত এবং কীভাবে করা উচিত—তা সবাই মিলে ঠিক করতে হবে। আমি আর শুনতে চাই না যে রাকসু ও হল সংসদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে।”
সম্মেলনের শেষাংশে বিভিন্ন সংগঠনের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং ইফতারের আয়োজন করা হয়।