ধর্ম ও নৈতিকতা

রাবিতে পথশিশুদের মাঝে ইউনিস্যাবের ঈদ উপহার বিতরণ

  ইরিন জামান খান প্রান্তি,রাবি প্রতিনিধি: ৬ মার্চ ২০২৬ , ১০:২৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

Oplus_131072

“ঈদের আনন্দ সবার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পথশিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বিশেষ আয়োজন করেছে United Nations Youth and Students Associations of Bangladesh (ইউনিস্যাব) রাজশাহী ডিভিশন।
সংগঠনটির অন্যতম সিগনেচার কর্মসূচি “Eid for Street Children 2026”-এর সমাপনী অনুষ্ঠান শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এসময় রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক সুবিধাবঞ্চিত ও পথশিশুর মাঝে নতুন ঈদের পোশাক, খাদ্যসামগ্রী ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. মঈন উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মো. মাহবুবুর রহমান, ছাত্র উপদেষ্টা প্রফেসর মো. আমিরুল ইসলাম কনক, প্রফেসর মো. সাজ্জাদুর রহিম, প্রফেসর জহুরুল আনিস এবং ইউনিস্যাব রাজশাহী বিভাগের লাইফটাইম অ্যালামনাই রাশেদুল ইসলাম সজীব।
২০১৪ সালে যাত্রা শুরুর পর থেকে ইউনিস্যাব রাজশাহী ডিভিশন তরুণ সমাজকে নেতৃত্ব, সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতায় উদ্বুদ্ধ করতে ধারাবাহিকভাবে কাজ করে আসছে। সংগঠনটির কার্যক্রম প্রধানত দুটি ধারায় পরিচালিত হয়—একদিকে সামাজিক কল্যাণমূলক উদ্যোগ, যার মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো হয়; অন্যদিকে দক্ষতা ও নেতৃত্ব উন্নয়নমূলক উদ্যোগ, যার মাধ্যমে তরুণদের নেতৃত্ব, দক্ষতা ও ব্যক্তিগত সক্ষমতা বিকাশে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়।
সামাজিক কল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে নিয়মিত আয়োজন করা হয় “Eid for Street Children”, “Project Clean and Care” এবং “Week for Humanity”-এর মতো মানবিক কর্মসূচি। অন্যদিকে দক্ষতা ও নেতৃত্ব উন্নয়নমূলক কার্যক্রমের আওতায় “National Youth Leadership Summit”, “UNYSAB MUN”, “National Talent Fest” এবং “Talent Hunt”-এর মতো আয়োজন তরুণদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম তৈরি করে।
আয়োজকরা জানান, তরুণ স্বেচ্ছাসেবকদের নিষ্ঠা, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের সমর্থনে এবারের আয়োজন সফলভাবে বাস্তবায়িত হয়েছে। তারা আরও আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতেও ইউনিস্যাব রাজশাহী ডিভিশন জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs)-এর আলোকে তরুণ সমাজকে সম্পৃক্ত করে মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখবে।