অনলাইন ডেস্ক : ৯ ফেব্রুয়ারি ২০২৬ , ৫:১২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্রের ভেতরে সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা মোবাইল ফোন বহন করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো.সানাউল্লাহ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ফলাফল বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি বলেন, “সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করলে কোনো ধরনের সমস্যায় পড়বেন না।”
এর আগে নির্বাচন কমিশন ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন বহন ও ব্যবহার নিষিদ্ধ করে একটি নির্দেশনা জারি করেছিল। এতে সাংবাদিক সমাজে উদ্বেগ তৈরি হয়।
নির্দেশনায় বলা হয়েছিল, ভোটকেন্দ্রের ভেতরে কেবল তিন শ্রেণির কর্মকর্তা মোবাইল বহন করতে পারবেন—
প্রিসাইডিং কর্মকর্তা,কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা‘ইলেকশন সিকিউরিটি ২০২৬’ অ্যাপ ব্যবহারের দায়িত্বপ্রাপ্ত দুইজন আনসার সদস্য।
এই নিষেধাজ্ঞার প্রতিবাদ জানিয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে।
আরএফইডি সভাপতি কাজী জেবেল বলেন, “এ ধরনের সিদ্ধান্ত নির্বাচনের স্বচ্ছতা ও গণমাধ্যমের স্বাধীনতার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সাংবাদিকদের দায়িত্ব পালনে মোবাইল ফোন অপরিহার্য।”
নির্বাচন কমিশন এ বিষয়ে সাংবাদিকদের আশ্বাস দিয়েছে এবং জানানো হয়েছে, সাংবাদিকদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল করা হবে। বিষয়টি শিগগিরই প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে।











