উলিপুর প্রতিনিধিঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:৫৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম সেবা চালু করতে ব্যক্তিগত তহবিল থেকে ১ লাখ টাকা অনুদান প্রদান করেছেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও চিকিৎসকদের উপস্থিতিতে তিনি এ অনুদান প্রদান করেন।
অনুদান প্রদানকালে এমপি সালেহী বলেন, উলিপুরের মানুষ এখন থেকে হাসপাতালের সেবায় দৃশ্যমান পরিবর্তন লক্ষ করবে। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু হয়েছে। খুব শিগগিরই হাসপাতালে আল্ট্রাসনোগ্রামসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুবিধা নিশ্চিত করা হবে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হারুন অর রশিদ জানান, বিদ্যমান আল্ট্রাসনোগ্রাম মেশিনটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। এমপি মহোদয়ের ব্যক্তিগত উদ্যোগে প্রদত্ত অর্থের মাধ্যমে নতুন যন্ত্রপাতি ক্রয় করা হবে। আগামী সপ্তাহের মধ্যেই আল্ট্রাসনোগ্রাফি সেবা চালু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাস্থ্যসেবা উন্নয়নে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।





