কুড়িগ্রাম প্রতিনিধি: ৩ ফেব্রুয়ারি ২০২৬ , ৪:২৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় সম্প্রদায়ের ৭ শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উলিপুর থানাধীন ধরনিবাড়ি ইউনিয়নের মাধবপুর গ্রামে আয়োজিত যোগদান অনুষ্ঠানে ৯টি ওয়ার্ডের বিভিন্ন দল থেকে পদত্যাগ করে তাঁরা ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুড়িগ্রাম-৩ আসনের হাতপাখা মার্কার এমপি প্রার্থী ডা. আক্কাস আলী সরকার–এর সমর্থনে যোগ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. আক্কাস আলী সরকার বলেন,“উলিপুরে বহু নেতা বদল হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। তাই এমন মানুষকে এমপি বানাতে হবে, যারা সত্যিকার অর্থে এলাকার উন্নয়নে কাজ করবে।”
তিনি আরও বলেন,“আমরা নির্বাচিত হলে উলিপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব।”
নতুন নেতাকর্মীদের যোগদান প্রসঙ্গে তিনি বলেন,
“উলিপুরে দলমত নির্বিশেষে সবাই আমাকে ভালোবাসে। সব দলের মানুষ আমাকে ভোট দেবেন—এটা আমার বিশ্বাস।”
এ সময় শ্রী নরেন্দ্রনাথ বর্মন নামে এক সনাতন ধর্মাবলম্বী বলেন,“ডা. আক্কাস আলী সরকার চিকিৎসা সেবা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কারণে একজন ব্যতিক্রমী মানুষ। তাঁর সৌহার্দ্যপূর্ণ ব্যবহার আমাদের মুগ্ধ করেছে। আমরা এমন মানুষকেই সংসদে দেখতে চাই, তাই আজ তাঁকে সমর্থন জানালাম।”
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উলিপুর উপজেলা নেতৃবৃন্দ, ডা. আক্কাস আলীর বিভিন্ন প্রান্তিক সমর্থকসহ ধর্মীয় ও সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।











